দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি, দাম শুরু ৪৯ লাখ

ট্যুরেক্তরাজ্যের গাড়ির ব্র্যান্ড এমজি বাংলাদেশের বাজারে ‘এমজি’ সিরিজের নতুন মডেলের দুটি গাড়ি এনেছে। মডেল দুটি হলো এমজি এইচএস হাইব্রিড প্লাস ও এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড)।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মডেল দুইটির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই হাইব্রিড এসইউভিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ টাকা থেকে। জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ ও দেশের দৈনন্দিন ব্যবহার উপযোগী আধুনিক সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে এই মডেলগুলো।

এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটিতে রয়েছে একটি স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১ দশমিক ৩ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। চালানোর পরিস্থিতি অনুযায়ী গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ও পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করে। বাস্তব ব্যবহারে এই মডেলটির জ্বালানি দক্ষতা লিটার প্রতি প্রায় ২৩.৮ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে। ফলে শহরের ভেতরে ও দীর্ঘ ভ্রমণ দুই ক্ষেত্রেই এটি কার্যকর।

দ্বিতীয় মডেল এমজি এইচএস সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড মডেলটি তুলনামূলকভাবে আরও উন্নত বৈদ্যুতিক সুবিধা রয়েছে। ৫৯ লাখ টাকা মূল্যের এই গাড়িতে রয়েছে ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে গাড়িটি। প্রতিদিনকার স্বল্প দূরত্বের যাতায়াতে এতে কোনো কার্বন নিঃসরণ হয় না। আবার ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংকের সম্মিলিত ব্যবহারে গাড়িটির মোট চলার সক্ষমতা ১ হাজার কিলোমিটারেরও বেশি।

মডেলের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে একটি ৭ দশমিক ৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দিচ্ছে এমজি বাংলাদেশ। এর জন্য ক্রেতাদের কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না।

ডিজাইন ও ফিচারের দিক থেকেও নতুন এইচএস সিরিজে রয়েছে আধুনিকতার ছোঁয়া। গাড়ির ভেতরে রয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির একটি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং একই আকারের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এসব প্রযুক্তি সঠিক দিকনির্দেশনা, কানেক্টিভিটি এবং ব্যবহারবান্ধব নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করবে। ২৭২০ মিলিমিটার হুইলবেসের কারণে গাড়ির ভেতরে পর্যাপ্ত জায়গা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা হয়েছে। ১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় দেশের বিভিন্ন ধরনের সড়ক পরিস্থিতিতে গাড়ি চালানো সহজ হবে। গাড়ির বাইরের অংশে রয়েছে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি লাইটিং এবং এমজি’র বর্তমান বৈশ্বিক এসইউভি ডিজাইনের ছাপ।

নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধার ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে এইচএস সিরিজে। গাড়িগুলোর বুট স্পেস প্রায় ৫০৭ লিটার, যা সিট ভাঁজ করলে ১ হাজার ৪৮৪ লিটারের বেশি করা সম্ভব। স্ট্যান্ডার্ড নিরাপত্তা ফিচারের মধ্যে রয়েছে সাতটি এয়ারব্যাগ, এমজি পাইলট এডিএএস লেভেল-২, পিএম ২দশমিক ৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম এবং উন্নত মানের মাল্টি-স্পিকার সাউন্ড সিস্টেম। যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে অত্যাধুনিক এসব ফিচার।