বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা ও আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে মাদানী এভিনিউ’র ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।
এউপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এর সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এই দিন বিশেষ অনুষ্ঠানে কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) উপপরিচালক (হাসপাতাল) ডা.মো. ইব্রাহিম টিটন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতলের (এসআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা.হাসিনা বানু।
অনুষ্ঠানে ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, ‘ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে যে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশের মাটিতেই পাওয়া সম্ভব। দেশের ভেতরেই এ ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ায় রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যাওয়া এবং এর সঙ্গে যুক্ত বিপুল ব্যয় থেকেও সাশ্রয় হবে।’
অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, ‘বাংলাদেশে হৃদরোগে আক্রান্তদের বেশিরভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন, তাই চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা ও এমন উদ্যোগ নেওয়া, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম হৃদরোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।’
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ইউনাইটেড গ্রুপের কমিটমেন্ট তুলে ধরেন।
এছাড়াও ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন বলেন, ‘বাংলাদেশের জ্যেষ্ঠ কার্ডিওলজি চিকিৎসকরা জানেন, ৪০ বছর আগেও দেশে বিশ্বের সমমানের আধুনিক কার্ডিয়াক প্রযুক্তি ও সরঞ্জামের সুযোগ খুবই সীমিত ছিল। ২০২৬ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কাজ করছে, যাতে দেশের মানুষ উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসা দেশের মাটিতেই পান এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়।’
এর অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘সেলিব্রেটিং লাইফ, কেয়ার অ্যান্ড রিকভারি’ আয়োজনে এই হসপিটালে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ভবিষ্যৎ সেবার পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পান।
এই দিন ‘সেলিব্রেটিং লাইফ, কেয়ার অ্যান্ড রিকভারি’ শীর্ষক অনুষ্ঠানে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে হৃদরোগের চিকিৎসা নেওয়া সকল রোগীদের জন্য তাদের সংগ্রাম, চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক পুল এবং ক্রমবর্ধমান সেবার পরিধি সম্পর্কে তাদের জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মণ। চিকিৎসা নেওয়া রোগীদের নিয়মিত খোঁজ নেওয়ার মাধ্যমে হাসপাতালটি রোগীর প্রতি তার দায়বদ্ধতা আরও এগিয়ে নিয়েছে।
হৃদরোগ সচেতনতার এই মাসব্যাপী কার্যক্রম শুরু হয়, ‘দ্য হান্ড্রেড কিলোমিটার ওয়াকিং চ্যালেঞ্জ’ এর মধ্য দিয়ে। এর পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য কার্ডিয়াক হেলথ চেকআপের সুযোগ রাখা হয় এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।