আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বলেছেন, খুলনা হচ্ছে অপার সম্ভাবনাময় একটি জায়গা। কিন্তু দীর্ঘদিনেও সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। এক সময়ের শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিণত হয়েছে। ফলে বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে সেই বন্ধ শিল্প কলকারখানা চালুর চেষ্টা করব।
গতকাল শনিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে এমন অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
প্রার্থীরা বলেন, আমরা সবাই যে যার অবস্থান থেকে খুলনার উন্নয়নের আন্দোলনে একসঙ্গে কাজ করতে চাই। এজন্য আমরা নির্বাচিত হলে সংসদ থেকে শুরু করে প্রয়োজনে দলমত নির্বিশেষে রাজপথের আন্দোলনে সোচ্চার থাকব। সংসদ সদস্য প্রার্থীরা আরও বলেন, নির্বাচিত হলে খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ এবং পরিবেশবান্ধব ও সবার জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করব।
অনুষ্ঠানে খুলনার নাগরিক নেতারা বলেন, খুলনা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। সরকারের পালাবদল হয় কিন্তু খুলনা ও খুলনার মানুষের কাক্সিক্ষত উন্নয়ন হয় না। তারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উন্নয়নসহ খুলনাকে একটি পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তোলার দাবি জানান।
নাগরিক সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের কাছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবিনামা হস্তান্তর করা হয়।
নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে নাগরিক সংলাপে বক্তব্য দেন অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি রাশিদুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা, খুলনা মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সরদার আবু তাহের প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।