কুষ্টিয়ায় চোর সন্দেহে মনিরুল (৪৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার চর থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ওই এলাকার বাসিন্দা মৃত আশরাফ মন্ডলের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ‘মনিরুল অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পর বাসার গেটের বাইরে শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন গিয়ে বাসার বাইরে গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন। মনিরুলের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী মনিরা খাতুনের অভিযোগ, ‘কয়েক দিন ধরেই কয়েকজন প্রতিবেশী এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মনিরুলকে মারধর করার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায়ও প্রতিবেশী রফিকসহ কয়েজন বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তারা বলেছে, মনিরুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও, না হলে ওকে এলাকার লোকজন মেরে ফেলবে। এরাই আমার স্বামীকে মেরে বাসার সামনে লাশ ফেলে গেছে। সঠিক তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। মনিরুল নেশা করত এটা ঠিক, কিন্তু ও কখনোই চুরি করতে পারে না। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।’
তবে এ বিষয়ে কথা বলতে প্রতিবেশী রফিকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, শহরের চর থানাপাড়া এলাকায় এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।