সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের মুজিবুর রহমান (৫০) ও সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের বকুল রবিদাশ (২৭)। শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।
এদিকে, সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি যশোর মনিরামপুরের পিকআপ ভ্যানচালক রাকিব হোসেন। গতকাল শনিবার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
অন্যদিকে, নোয়াখালীর সদর উপজেলায় প্রাণ কোম্পানির মালবাহী পিকআপ গাড়ির ধাক্কায় সিএনজিতে থাকা সিফাত নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সিফাত পার্শ্ববর্তী নোয়ান্নই উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা কুলসুমের ছেলে।