রাজধানীতে ট্রাফিক আইনে ২১৬৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৬টি অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি অটোরিকশা ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৪৭টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ৬১টি অটোরিকশা ও ২১৮টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৫৯৩টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ছয়টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৭টি অটোরিকশা ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা করা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৯টি অটোরিকশা ও ৪০৮টি মোটরসাইকেলসহ সর্বাধিক ৬৮৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২২টি অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে আটটি বাস, তিনটি কাভার্ডভ্যান, ১৪টি অটোরিকশা ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা করা হয়। ডিসি তালেবুর রহমান জানান, অভিযানের সময় মোট ৩৫৩টি গাড়ি ডাম্পিং এবং ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।