মিরসরাইয়ে দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল কারখানায় ফার্নেসের ক্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হওয়ার ঘটনায় চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে মৃত শ্রমিক শরিফুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলাটি করেন।

নিহত শরিফুলের বাবা মো. সেলিম বলেন, ‘আমার ছেলের দুটি ছোট সন্তান আছে। ছেলেকে তো আর ফিরে পাব না। আমরা অতি সাধারণ মানুষ। চীনা কোম্পানির বিরুদ্ধে মামলা চালিয়ে জেতা আমাদের পক্ষে সম্ভব নয়। সারাদিন ধরে থানায় আছি। দোভাষীদের মাধ্যমে কথা চলছে। দেখা যাক কী সিদ্ধান্ত আসে।’

নিহতের চাচা মনির হোসেন বলেন, ‘আমরা মামলা চাই না, উপযুক্ত ক্ষতিপূরণ চাই। শরিফুলের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে মামলা হলে কোম্পানি ক্ষতিপূরণ দিতে চাইবে না বলে আশঙ্কা রয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে আইনি লড়াই চালানোর সামর্থ্য আমাদের নেই।’

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারখানার প্রতিনিধি ও নিহত শরিফুলের স্বজনেরা থানায় এসেছেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কারখানা ও পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ক্রুটির কারণে গলিত লোহা ছিটকে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর শরিফুল ইসলামের মৃত্যু হয়। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন (২৭)।

সর্বশেষ ২ অক্টোবর দুপুর ১২টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩) মারা যান। দুর্ঘটনায় দগ্ধ অপর শ্রমিক জুয়েল (৩৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত