মিচেল-ফিলিপসের সেঞ্চুরিতে রানপাহাড়ে চাপা ভারত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারি মিচেল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ১৩৭ রানের ইনিংস। এর আগে রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ১৩১ রানে অপরাজিত ছিলেন। আর প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির কাছে গিয়েও আউট হয়েছিলেন ৮৪ রানে। এদিন সেঞ্চুরি করেছেন গ্লেন ফিলিপসও।

ইন্দোরে পানিবাহিত রোগের ভয়াবহ প্রাদুর্ভাবের মাঝে আজ রবিবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ক্রিকেটাররা ব্যবহার করছেন বোতলজাত পানি। কেউ কেউ তো ওয়াটার পিউরিফায়ার নিয়ে এসেছেন! টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানের মধ্যে ২ উইকেট হারায় কিউইরা। ডেভন কনওয়ে ৫ রান করলেও হেনরি নিকোলাস মারেন ‘গোল্ডেন ডাক’। তিনে নেমে উইল ইয়ং (৩) প্রতিরোধের চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।

এরপরই শুরু হয় ড্যারি মিচেল আর গ্লেন ফিলিপসের পাল্টা প্রতিরোধ। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১৮৮ বলে ২১৯ রানের বিধ্বংসী জুটি। ১০৬ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার ১৩১ বলে ১৩৭ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং ৩টি ছক্কার মার। তাকে আউট করেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। অন্যদিকে গ্লেন ফিলিপস ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাত্র ৮৩ বলে। আর্শদীপ সিংয়ের বলে আউট হওয়ার আগে বিস্ফোরক এই ব্যাটার খেলেন ৮৮ বলে ৯ চার ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস।

সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ভারত, পরেরটি ৭ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। যারা জিতবে, তাদের ঘরেই যাবে সিরিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান তুলেছে নিউজিল্যান্ড।