অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে। উপদেষ্টা আরও বলেন, সবাইকে উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করেএ জন্য হ্যাঁ ভোট সরকার চাচ্ছে। ১২ ফেব্রুয়ারি আপনাদের ইচ্ছেমতে ভোট দেবেন। কিন্তু হ্যাঁ–তে ভোট দিলে ওই জনপ্রতিনিধি জবাবদিহির মাঝে থাকবে। বিদেশে দেশের সুনাম আছে, কিন্তু সামনে চ্যালেঞ্জ আছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সম্রাট খীসা ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ প্রমুখ। এসময় জেলা-উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।