তারেক রহমানের চট্টগ্রাম সফর শুধু একটি সফর নয়, এটি গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা। এ সমাবেশ সফল করতে প্রতিটি ওয়ার্ড ও থানায় যুবদলের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় প্রস্তুতি সভায় মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি প্রমুখ বক্তব্য রাখেন।
মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ২৫ জানুয়ারির কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করতে হবে। চট্টগ্রাম বিএনপির ঘাঁটি এটি আমাদের প্রমাণ করতে হবে। রেলওয়ে পলো গ্রাউন্ডের এই জনসমাবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম হবে তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলনের অগ্রবর্তী ঘাঁটি। যুবদলকে মাঠে থেকেই জনসমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে।
সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, যুব সমাজের ব্যাপক সমাগম নিশ্চিতকরণ ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।