কলম্বিয়ার মধ্যাঞ্চলের একটি জঙ্গল এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সংঘর্ষে বামপন্থি গেরিলা গোষ্ঠীর অন্তত ২৭ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক কর্র্তৃপক্ষ জানিয়েছে, গত রবিবারের এই সংঘর্ষ সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সহিংসতার ঘটনা। রাজধানী বোগোতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গুয়াভিয়ারে বিভাগের এল রেতোরনো এলাকার গ্রামীণ অঞ্চলে এ ঘটনা ঘটে। কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত।
সামরিক সূত্র বলছে, সংঘর্ষটি কলম্বিয়ার বামপন্থি গেরিলা সংগঠন ফার্কের দুটি বিভক্ত অংশের মধ্যে হয়েছে। একটি অংশের নেতৃত্বে ছিলেন ইভান মর্ডিস্কো এবং অন্যটির নেতৃত্বে ছিলেন ক্যালারকা কর্ডোবা। তারা আগে একই সংগঠনে থাকলেও ২০২৪ সালের এপ্রিলে অভ্যন্তরীণ বিরোধের কারণে আলাদা হয়ে যায়। নিহতরা সবাই ইভান মর্ডিস্কোর গ্রুপের সদস্য ছিলেন। কলম্বিয়ায় ছয় দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।