‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাগুরায় প্রশাসনের সর্বাত্মক মাঠে নামার আহ্বান

গণভোট ২০২৬ সফল করতে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, যিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক দায়িত্ব। এখানে কোনো অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো এবং সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানাবো-এটাই আমাদের অঙ্গীকার।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা ও ভোটারদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে। এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ছাত্র-ছাত্রী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, গ্রামপুলিশদের ঘরে ঘরে গিয়ে গণভোটের গুরুত্ব বোঝাতে হবে। কোনো ভোটার যেন অজ্ঞাত বা বিভ্রান্ত না থাকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “গণভোট ২০২৬-সঠিক সিদ্ধান্ত আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রশাসন দৃঢ়ভাবে জানায়, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ, এবং প্রয়োজনে আরও কঠোর ও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হবে।