মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার আপন ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট্ট রাইসা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে মৌশা গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।