সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগে এক ইট ভাটার ম্যানেজারের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ।
জানা গেছে , গত সোমবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। জানা গেছে দীর্ঘ দিন ধরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর ঈদগাঁ মাঠের পাশের তিন ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী মহল।
গত সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে মাটি কাটার এক্সেভেটর মেশিনটি জব্দ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫) ১ ধারায় গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের ইটভাটার ম্যানেজার শাহ আলমের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন।
পরে মুসলেখা নিয়ে ইট ভাটার ওই ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে উপজেলার কায়েমপুর , গাড়াদহ, নরিনা, পোতাজিয়া ও রুপবাটি ইউনিয়নের কৃষি জমি, নদীর পাড়ের মাটি ও সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকেও একটি চক্র অবাধে মাঠি কেটে চড়া দামে ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। যে সকল কৃষি জমির মালিক জমির মাটির বিক্রিতে অনিহা প্রকাশ করেন তাদের নানা ভাবে ভয়ভীতি ও চাপসৃষ্টি করে জমির মাটি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান জানান, শুধু কৃষি জমিই নয় অবৈধ ভাবে কেউ কোন জায়গা থেকে মাঠি কাটলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।