স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর) আসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় ডা. জাহিদের বাসভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম।
আলোচনা সভায় ডা. জাহিদ হোসেন শহীদ জিয়াউর রহমানের জন্ম, সংগ্রামী জীবন, দেশপ্রেম ও বহুমাত্রিক রাজনৈতিক অবদান তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের ডাকনাম ছিল ‘কমল’, যা অনেকেই জানেন না। তিনি ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক নেতা, যিনি স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে কখনো পিছপা হননি।’
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোছা, সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী আহ্বায়ক আব্দুস সাত্তার মিলন, সদস্য সচিব ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাবেক সেক্রেটারি কমর সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।