ইরান জুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তারকৃতদের কঠোর শাস্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। তবে প্ররোচনার ফাঁদে পড়ে যারা বিক্ষোভে যোগ দিয়েছিল, তাদের আত্মসমর্পণের জন্য তিন দিন সময় দিয়েছে কর্র্তৃপক্ষ। গত সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এবং জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজা রাদান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের শত্রু নয় বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তারা ‘হালকা শাস্তি’ পাবে।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বিচার বিভাগের প্রধান বলেন, যদি আমরা অকারণে কাউকে দয়া দেখাই, যিনি দয়া পাওয়ার যোগ্য নন, তবে তা হবে ন্যায়বিচারের পরিপন্থী। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকের পর এ তিন নেতা শাস্তির বিষয়ে হুঁশিয়ারি দেন।