বাংলাদেশসহ ৩৯ দেশ থেকে ব্যবসা ও পর্যটনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যারা আজ বুধবার থেকে (বি-ওয়ান ও বি-টু) ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন, তাদের ভিসা বন্ড পরিশোধ করতে হবে। তবে দেশটিতে অধ্যয়নের জন্য যেসব শিক্ষার্থী ‘এফ’ ও ‘এম’ ভিসা পাবেন, ভিসা বন্ড তাদের জন্য প্রযোজ্য নয়। ঢাকায় দেশটির দূতাবাস ফেসবুকে ভেরিফায়েড পেজে গতকাল এক পোস্টে একথা জানায়।
ব্যবসা ও পর্যটনের জন্য যেতে যারা (বি-ওয়ান ও বি-টু) ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন, তাদের ভিসা পাঁচ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড পরিশোধ করতে হবে। সাক্ষাৎকারের সময় কনস্যুলার অফিসার জানাবেন যে, সংশ্লিষ্ট ব্যক্তি ভিসার জন্য যোগ্য কি না। যদি তাকে ভিসার জন্য যোগ্য জানানো হয়, একই সঙ্গে এটাও জানানো হবে ভিসা বন্ডের অর্থ তিনি কীভাবে জমা দেবেন। দূতাবাস বলছে, বন্ড পরিশোধ না করা পর্যন্ত বি-ওয়ান ও বি-টু ভিসা জারি করা হবে না। আর কনস্যুলার অফিসার দ্বারা নির্দেশিত না হওয়া পর্যন্ত বন্ড পরিশোধ করা উচিত নয়। তবে ভিসা আবেদনকারীর বন্ড পোস্ট করার জন্য কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করা উচিত নয়।
এর বাইরে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশসহ যে ৭৫টি দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা নেয়, সেসব দেশের নাগরিকদের জন্য মার্কিন অভিবাসী ভিসা প্রদান আজ বুধবার থেকে স্থগিত করা হচ্ছে। এসব দেশের অধিবাসীরা অভিবাসী ভিসার জন্য আবেদন ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। তবে স্থগিতাদেশ কার্যকর থাকার সময় তাদের জন্য কোনো অভিবাসী ভিসা জারি করা হবে না।