‘অযৌক্তিক চাপ তৈরি করে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ গতকাল এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিষ্কার বার্তা, অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাংকিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।’
বিবিসি অবশ্য জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে, আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদেরও আইসিসির সঙ্গে কোনো আলোচনা শুরুর পরিকল্পনা নেই।
আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি বলছে, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।
আসিফ নজরুল আইসিসির ভেন্যু পাল্টানোর উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’
বোর্ডের ভারতে খেলতে না যেতে চাওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে একমত কি না জানতে চাইলে গতকাল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এ বিষয়ে মন্তব্য করতে চাননি। পুরো পরিস্থিতি আদর্শ কি না এমন প্রশ্নের উত্তরে তিনি অবশ্য বলেন, ‘দেখেন ভাইয়া, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।’ বিশ্বকাপ অংশ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি প্রকাশ পেয়েছে তার কথায়, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের...।
৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এরপর সরকারের পরামর্শে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারণ করা আছে।