পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের একটি মহল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় না। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক, নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আগামী নির্বাচনে কী হবে, কী হবে না হবে, তা নির্ধারণ করবে তরুণ প্রজন্ম। তাই ভোটাধিকার প্রয়োগে তরুণদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্বাচনকালীন প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।