চার বছর আগে একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স পেয়েছিল নাটোর পৌরসভা। তবে অতিরিক্ত ভাড়ার কারণে গত চার বছরে খুব কম মানুষই অ্যাম্বুলেন্সটির সেবা নিয়েছেন। এ ছাড়া আইসিইউ অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য যে ধরনের দক্ষ জনবল দরকার, তা নিয়োগ দেওয়া হয়নি। ফলে বেশিরভাগ সময় অব্যবহৃত অবস্থায় পৌরসভার গ্যারেজে পড়ে ছিল অ্যাম্বুলেন্সটি। সম্প্রতি জেলা প্রশাসনের নির্বাচনসংক্রান্ত একটি সভায় পৌরসভাসহ বিভিন্ন দপ্তরকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়। তখন অ্যাম্বুলেন্সটি সচল রাখতে ভোটের গাড়ি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করে পৌরসভা। সেই মোতাবেক অ্যাম্বুলেন্সটি সাজিয়ে গত সোমবার দুপুরে শহরের রাস্তায় নামানো হয়। তবে জীবন রক্ষাকারী এই বিশেষায়িত বাহনটিকে ‘ভোটের গাড়িতে’ রূপান্তর করার ঘটনায় পৌরবাসী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। পরে অবশ্য অ্যাম্বুলেন্সটি আবার গ্যারেজে ফিরিয়ে আনা হয়।