নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একই খরচে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজন একটি চমৎকার আইডিয়া। এর মাধ্যমে একদিকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে, অন্যদিকে জাতীয় নির্বাচনের যাবতীয় কার্যক্রমও সম্পন্ন করা সম্ভব হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণভোটের বিষয়টি যেহেতু রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেই এর প্রচারণা চালানো হচ্ছে, এটি গণতন্ত্রের একটি সৌন্দর্য। গণভোট মানে ‘হ্যাঁ’ কিংবা ‘না’। রাষ্ট্র ও সব রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলোর প্রতি জনগণের সমর্থন রয়েছে কি না, তা জানতেই এই গণভোটের আয়োজন।
গণভোটে বিএনপির অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম ইতোমধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। গণভোটে যে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রশ্ন রাখা হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে উত্থাপিত সব প্রস্তাবই ‘হ্যাঁ’-এর পক্ষে রয়েছে।
নির্বাচনের পরিবেশ ও প্রচার-প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি ধানের শীষ প্রতীক পেলেও এই প্রতীক গণতন্ত্র ও বাংলাদেশের মানুষের প্রতীক। গত ১৭-১৮ বছরে একাধিক জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম মাইলফলক স্থাপিত হলো।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম ও হত্যার শিকার হয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের সব সক্রিয় রাজনৈতিক দলের অঙ্গীকার অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই সম্মিলিতভাবে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করবে। জয়-পরাজয় যার ভাগ্যে থাকবে সেটাই হবে, তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার থেকে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ আসনের দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি।