অস্কার থেকে ছিটকে পড়ল ভারত

আরও একবার অস্কার থেকে বঞ্চিত ভারত। চূড়ান্ত পর্বের আগেই ছেঁটে ফেলা হলো ‘হোমবাউন্ড’। ভারতে মুক্তির আগেই ৯৮তম অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিল নীরজ ঘাওয়ান পরিচালিত সিনেমাটি। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ালেও চলচ্চিত্রটি অস্কার কমিটির কাছে গ্রহণযোগ্যতা পেল না। দেশ-বিদেশের তাবড় সিনেব্যক্তিত্বরাও ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিয়ে কুর্নিশ জানিয়েছিলেন নীরজের ফ্রেমে ধরা ভারতের পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনিকে। কিন্তু আশা জাগিয়েও ফের একবার ভারতকে বঞ্চিত করা হলো অস্কার থেকে। 

বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নীরজ ঘাওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর। গত বছরই ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন যে, অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। সেই থেকেই দেশবাসীর নজর ছিল ৯৮তম অস্কার অনুষ্ঠানের দিকে। কিন্তু বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গেছে ‘হোমবাউন্ড’।