মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক

থমকে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় গতি আনতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ক্রেমলিনের বরাতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উইটকফ ও পুতিনের মধ্যে মস্কোয় এ বৈঠক হবে। এর আগে গত মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে উইটকফ ও পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছিল। উইটকফ জানিয়েছেন, রাশিয়াই এ বৈঠকের অনুরোধ করেছে। পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

সাংবাদিকদের উইটকফ বলেন, আমরা শান্তি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছি, ইউক্রেন ও রাশিয়া নিয়ে কথা হবে। আমি আশাবাদী এবং আমাদের শান্তি প্রয়োজন। পরে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন? জবাবে তিনি বলেন, আমরা তা করছি। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।