বাংলাদেশের স্থিতিশীলতাসহ এই অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ঢাকায় চীনের দূতাবাসের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
ঢাকায় সাংবাদিকদের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাস বিজ্ঞপ্তিটি দেয়।
মার্কিন রাষ্ট্রদূত বুধবার ঢাকায় সাংবাদিকদের জানান, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় বাংলাদেশের জন্য যে ঝুঁকির বিষয় আছে, তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচনের পর নতুন সরকারের কাছে তুলে ধরবেন। ব্রেন্ট ক্রিস্টেনসন এর আগে গত অক্টোবরে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের ওপর মার্কিন সিনেটে শুনানিতেও অনুরূপ মন্তব্য করেন।
চীনা দূতাবাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের করা এ মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, মার্কিনীরা গোপন কোনো উদ্দেশ্যে ‘সঠিক’ ও ‘ভুলকে’ গুলিয়ে ফেলে।
চীনা দূতাবাসের দাবি, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৫০ বছরে চীন এবং বাংলাদেশ সর্বদা একে অন্যকে সমর্থন করেছে, একে অন্যকে সমান বিবেচনা করেছে এবং উভয় দেশের জনগণের জন্য লাভজনক সহযোগিতার লক্ষ্যে কাজ করেছে। এটি এই অঞ্চলের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সহায়ক।
চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা দুই দেশ এবং তাদের জনগণের মধ্যে একটি বিষয়, এমন দাবি করে দূতাবাস বলছে, চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে মার্কিনীদের কোনো হস্তক্ষেপ বা আঙুল তোলা সহ্য করা হবে না।