টু ক রো  খ ব র

ভক্তদের প্রতি জয়ার আহ্বান

অভিনেত্রী জয়া আহসান যেমন প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করেন না, তেমনই তার ভক্ত-দর্শককেও একই আহ্বান জানালেন। তিনি মনে করেন, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক গড়ে তুলতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং প্রয়োজন না থাকলে, মোবাইল হাতে না নেওয়া ভালো বলে মন্তব্য করেন জয়া। দুই বাংলার এই অভিনেত্রী বলেন, ‘শুটিং সেটে আমি পারতপক্ষে ফোন ব্যবহার করি না। আমরা যখন বাসা থেকে বের হই তখন ফোন দেখি, আশপাশের গাছ, মানুষ, ট্রাফিক, কে কীভাবে চলছে, রিকশাওয়ালা কীভাবে রিকশা চালাচ্ছেন, কী করে ঘাম মুচ্ছেন এগুলো আমরা কিন্তু দেখি না, মানে আমাদের দেখতে দেয় না ফোনটা। এসব আমি যদি নাই দেখি, আমি যদি প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে কানেক্টেড না থাকি, আমি কী করে অভিনয় করব?’

প্রকৃতির সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে জয়া বলেন, ‘সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি পাখির কিচিরমিচির শুনি, ভোরের আওয়াজ শুনি, এগুলো তো একটা থেরাপি মানুষের জন্য। সমস্ত ধরনের শিল্পীদের জন্য এটা প্রয়োজন।’

পারসার সঙ্গে ইয়াশ

কোলাহলমুখর শহরের ভিড়ে যখন সম্পর্কগুলো দমবন্ধ হয়ে আসে, ভালোবাসা তখন আর সহজ থাকে না এই টানাপড়েনের গল্পই এবার পর্দায় আনছে হইচই। আধুনিক নগরজীবনের প্রেম, দূরত্ব আর সম্পর্কের জটিল সমীকরণকে কেন্দ্র করে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসঙ্গে আলাদা’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। রেজাউর রহমানের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় ইয়াশ রোহান ও পারসা ইভানা। এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচইয়ের পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে। নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টারটি  দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

নতুন ইতিহাস টেইলরের

অ্যাওয়ার্ডের রানী এবং রেকর্ডকন্যা বলে তকমা পাওয়া মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মুকুটে যুক্ত হচ্ছে আরও এক নতুন পালক।  বিশ্ব সংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় উঠল ৩৬ বছর বয়সী এই সংগীতশিল্পীর নাম। ৩৩ বছর বয়সে স্টিভ ওয়ান্ডার যে রেকর্ড গড়েছিলেন, ৩৬ বছর বয়সে তার ঠিক পাশেই বসতে যাচ্ছেন এই মার্কিন তারকা। ‘সংরাইটার্স হল অব ফেম’ কর্র্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে জায়গা করে নিচ্ছেন টেইলর সুইফট। আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তার সঙ্গে এবার হল অব ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স। সিবিএস মর্নিংসে এই ঘোষণা দেওয়ার সময় সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, ‘তারা মূলত আমাদের জীবনের শব্দবলি (সাউন্ডট্র্যাক) লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি।’ টেইলর  সুইফট তার ক্যারিয়ারে ইতিপূর্বেই ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শ্রেষ্ঠত্ব।

আজই বিয়ে মধুমিতার

আগের দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। চার দির আগেই দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন তিনি। সেইসঙ্গে প্রকাশ করা হয় ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা। আজ সেই মাহেন্দ্রক্ষণ। দুই পরিবারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সাতপাকে বাঁধা পড়ছেন নায়িকা। মধুমিতার হবু বর দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানা গেছে, বারুইপুর রাজবাড়িতে বসছে বিয়ের আসর। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। তবে কাজের চাপ থাকার কারণে এখনই মধুচন্দ্রিমায় যাওয়া সম্ভব হচ্ছে না। বিয়ের পর এক-দেড় মাস সময় বের করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সব মিলিয়ে ব্যস্ততার মাঝেও জীবনের নতুন অধ্যায় নিয়ে ভীষণ খুশি মধুমিতা। প্রেম, দায়িত্ব আর কাজ তিনটাকেই একসঙ্গে সামলে এগিয়ে যেতে চাইছেন তিনি।

মধুমিতার এটা দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালে বিয়ের চার বছর পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তার। এরপর থেকে নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করে আসছিলেন তিনি।