ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। গতকাল সেই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেয়, তারা আগের অবস্থানেই অটল। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এরপরও ভেন্যু বদলের জন্য আইসিসিকে অনুরোধ করেই যাচ্ছে বিসিবি!
গতকাল বিকেলে আইসিসিকে পাঠানো এক চিঠিতে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে নিজেদের অটল অবস্থানের কথা জানায় বিসিবি। সেই চিঠিতে আইসিসিকে অনুরোধ করা হয় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটি হলো আইনজীবীদের নিয়ে গঠিত একটি কমিটি, যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে সেটার সমাধান করে।
বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে আইসিসি বাংলাদেশের ইস্যুতে গতকাল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান পরিবর্তন না করলে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ সিদ্ধান্ত জানানোর পর এখন কী হয় সেটাই দেখার।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে। উল্লেখ্য, গতকাল বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’