ফরিদপুরে তারুণ্যের উৎসবে ধানের শীষে ভোট প্রার্থনা

যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছিল তরুণরা, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিএনপি। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জেন-জি, তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে। আমি ওয়াদা করে বলতে পারি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হলে নতুন রাষ্ট্র গঠনে তারুণ্য নির্ভর দেশ গড়ার দিকে এগিয়ে যাব। বিগত সরকারের ন্যায় ফ্যাসিস্ট সরকার হিসেবে কখনোই এদেশের মানুষের ওপর ক্ষমতা প্রয়োগ করব না। আগামী দিনে রাষ্ট্র চলবে নীতি আর আদর্শে। শুধু তাই নয়, ক্ষমতার রাজনীতি ৫ আগস্টের পর চিরতরে বন্ধ হয়েছে। আগামীর রাজনীতি হবে দায়িত্বের, ক্ষমতার নয়। সেই কারণে তরুণদের কার্যক্ষমতা এবং প্রবীণদের বুদ্ধিমত্তা দিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করা হবে।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে একটি পার্কে ‘হোপ অ্যান্ড হেলথ, জেনজি কার্নিভাল’ এ  (তারুণ্যের উৎসব) অনুষ্ঠানে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল এসব কথা বলেন। পরে তিনি উপস্থিত তরুণদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুস সালাম, ডা. জাহেদুর রহমান, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল মায়েদ।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কিত প্রশ্নোত্তর, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা পর্বের মধ্য দিয়ে তারুণ্যের এ উৎসব শেষ হয়। অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের কয়েক হাজার তরুণ ভোটার উপস্থিত ছিলেন।