শুরুতে নামটা ছিল সোনারবাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। পরে নাম বদল করে হয়েছে সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপ। লক্ষ্য এবং উদ্দেশ্য অপরিবর্তিত। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের 'বিদ্রোহী ক্লাব'গুলোর ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করে দেয়া। শনিবার দুপুরে বিসিবি একাডেমি'র সামনে হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। ৮ দলের অধিনায়কদের পাশাপাশি ছিলেন বিসিবি পরিচালক আহসান ইকবাল ও টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল জানান, 'আমরা সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ শুরু করছি ইনশাল্লাহ ২৭ তারিখ থেকে। আপনারা জানেন আটটা দল খেলবে ফার্স্ট ডিভিশনের। এইটা আমাদের বোর্ডের প্রতিশ্রুতি ছিল ওই আটটা টিম নিয়ে টুর্নামেন্ট করার। ওই টুর্নামেন্ট ইনশাল্লাহ ২৭ তারিখ শুরু হবে এবং ৭ তারিখ শেষ হবে। আর সব যারা সুযোগ পায় নাই খেলার, সবাই ইনশাল্লাহ সুযোগ পাচ্ছে। সম্মানীর কাঠামোটি সিসিডিএম উনারা দেখছেন, আমার মনে হয় প্লেয়ার্স উইল বি হ্যাপি।'
৮ টি দল নিয়ে হবে সিঙ্গেল লিগ ভিত্তিক এই টুর্নামেন্ট। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। মোট ম্যাচ হবে ২৯টি।অংশ নেয়া দলগুলো হচ্ছে; দুরন্ত, দূর্বার, অদম্য, অদ্বিতীয়,অকুতোভয়, অনির্বাণ,অপরাজেয় ও অগ্রণী। ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে খেলা। ম্যাচগুলো হবে পূবেরগাওঁ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি) এর দুটি মাঠে ও পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড এর মাঠে, ক্রিকেটার্স একাডেমি মাঠে ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। প্রতিটা দলে থাকবেন ১৫ জন ক্রিকেটার ও ১ জন স্ট্যান্ড বাই, ১ জন হেড কোচ, একজন সহকারী কোচ, ১জন ফিজিওথেরাপিস্ট ও ১ জন টিম বয়। খেলোয়াড়দের বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকরা বাছাই করেছেন ২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্স, ২০২৫-২৬ মৌসুমের ৮ ক্লাবের খেলোয়াড় তালিকা অনুযায়ী। তাদের পারিশ্রমিকও ভাগ করা হয়েছে ৪টি শ্রেণীতে, এ+, এ, বি, ও সি। এই তালিকা অনুযায়ী ম্যাচ ফি ও সম্মানী প্রদান করা হবে।