অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’

জাতীয় বাজেটের আকার বাড়লেও বাস্তবায়ন সক্ষমতার হার বাড়েনি। অন্যদিকে সরকারকে প্রতিবছর প্রায় ১ লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করতে হয়। অর্থবছরের শুরুতে রাজস্ব আহরণ কম থাকায় সরকারকে প্রায়ই অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয়। সরকারের এই অভ্যন্তরীণ ঋণ পরিশোধের চাপ কমানো ও অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণে নতুন বাজেট পরিকল্পনার উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ।

১৮টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে কার্যকর বাজেট বাস্তবায়ন পরিকল্পনার (বিআইপি) লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৩ ও ২৪ জানুয়ারি কক্সবাজারের একটি হোটেলে ‘স্ট্রেংথেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় কর্মশালার আয়োজন করা হয়েছে। বিআইপি উদ্যোগের মাধ্যমে বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমন্বয়, পরিকল্পনা ও মনিটরিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে এই কর্মশালা নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকারকে প্রতিবছর প্রায় ১ লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করতে হয়। অর্থবছরের শুরুতে রাজস্ব আহরণ কম থাকায় সরকারকে প্রায়ই অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয়। এতে আর্থিক চাপ আরও বাড়ে। এ পরিস্থিতিতে অর্থবছরের শুরু থেকেই বাজেট বাস্তবায়ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সময়মতো, কার্যকর ও ফলভিত্তিক বাজেট বাস্তবায়ন সম্ভব হবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। উদ্যোগটি সফল হলে জুন মাসে অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি অর্থ ব্যবহারে দক্ষতা, শৃঙ্খলা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা তাদের।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) মো. হাসানুল মতিন, বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফেরদৌস রওশন আরা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) ও এসপিএফএমএসের জাতীয় কর্মসূচি পরিচালক ড. জিয়াউল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামান।

মো. হাসানুল মতিন বলেন, জুন মাসে সরকারের অস্বাভাবিক ব্যয় কমানোর সঙ্গে কার্যকর বাজেট বাস্তবায়ন পরিকল্পনার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে ও গুণগত খাতে বরাদ্দ করা বাজেট যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, তা মূল্যায়নের প্রয়োজন রয়েছে। কারণ অর্থবছরের শেষে অতিরিক্ত ব্যয় সরকারের ঋণনির্ভরতা বাড়ায়।

ফেরদৌস রওশন আরা বলেন, জাতীয় বাজেটের আকার বাড়লেও বাস্তবায়ন সক্ষমতা একই হারে বাড়েনি। টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে এবং সরকারি ব্যয়ে যথাযথ মূল্য নিশ্চিত করতে কার্যকর বাজেট বাস্তবায়ন পরিকল্পনা জরুরি। তাই বিআইপিকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা জোরদারের একটি কৌশলগত কাঠামো হিসেবে উল্লেখ করেন তিনি।

কার্যকর বাজেট বাস্তবায়নের জন্য পরিচালন দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ড. জিয়াউল আবেদীন বলেন, অনেক ক্ষেত্রে অর্থবছরের প্রথম প্রান্তিকই বিআইপি প্রণয়নে চলে যায়। এতে পরিকল্পনার কার্যকারিতা কমে যায়। বাজেট অনুমোদনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগেভাগেই বিআইপি প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

কর্মশালায় ‘বিআইপি বাস্তবায়নের অভিজ্ঞতা : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক একটি সেশনের আয়োজন করা হয়েছে। এই সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. জাকির হোসেন। তিনি বলেন, বিআইপি বার্ষিক বাজেট বরাদ্দকে সময়ভিত্তিক ও কার্যক্রমভিত্তিক বাস্তবায়ন রোডম্যাপে রূপ দেয়। ক্রয় পরিকল্পনা, নগদ প্রবাহ ও ত্রৈমাসিক ব্যয় লক্ষ্যের সঙ্গে বাজেট সংযুক্ত থাকায় বছরের শুরুতে বিলম্ব এবং শেষ মুহূর্তের অতিরিক্ত ব্যয়ের চাপ কমে।

আলোচনায় বিআইপি জারি বিলম্ব, বিভিন্ন সিস্টেমের সমন্বয়হীনতা, সক্ষমতার ঘাটতি, প্রক্রিয়াগত জটিলতা এবং আইবাস++, ই-জিপি ও বার্ষিক ক্রয় পরিকল্পনার সঙ্গে দুর্বল সংযোগের বিষয়গুলো উঠে আসে। সময়মতো বিআইপি জারি, সিস্টেম ইন্টিগ্রেশন জোরদার, সক্ষমতা উন্নয়ন এবং অর্থ বিভাগের নেতৃত্বে সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন অংশ নেওয়া কর্মকর্তারা।