মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। পরে সিলেট থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
গতকাল শনিবার সকালে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আবদুল মন্নানের বাড়ির পাশে গ্রেনেডটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আবদুল মন্নানের বাড়ির পাশের পুকুরে কয়েক দিন আগে মাছ ধরা হয়। তখন গ্রেনেডটি পাওয়া যায়। তবে না বুঝে পাশেই জমির মধ্যে একটি খাদে তা ফেলে দেওয়া হয়। গতকাল সকালে স্থানীয় মিন্নত আলী ঘাস কাটতে গেলে গ্রেনেডটি দেখে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ গিয়ে লাল পতাকা টানিয়ে ওই জায়গাটি ঘিরে রাখে।
স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এর আগে গত বছরের জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখি। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’