ঘর পাচ্ছেন খই খই মারমা

টেবিল টেনিসে দেশের অন্যতম সেরা খেলোয়াড় খই খই মারমাকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দাপ্তরিক কাজে ভ্রমণকালে উপজেলার পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিচু এবং জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় সেখানে বাড়ি না বানিয়ে খই খই মারমার গ্রামের বাড়ি চুশাকপাড়ায় ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই মারমার অনন্য সাফল্যের প্রশংসা করেন। পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য অত্যন্ত গর্বের বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক খই খই মারমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের পাশাপাশি তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, ‘খই খই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে (শনিবার) ডিসি স্যার রাজস্থলীতে এলে তার পৈতৃক জায়গায় ঘর নির্মাণের বিষয়ে পরিদর্শন করেন। তবে খই খই মারমা যেখানে ঘর তৈরির জন্য বলবেন, সেখানে ঘর তৈরি করা হবে। এটা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হবে। তবে এখনো কোনো কিছু নিশ্চিত হয়নি। এটা প্রাথমিক ধাপ।’

খই খই মারমা বলেন, ‘প্রশাসন থেকে ঘর তৈরি করে দেবে বলেছে। তাই ডিসি ম্যাডাম রাজস্থলীতে এলে উপজেলা সদরের পাইনপাড়ায় আমাদের একটি জায়গা তিনি পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিয়ে নানা সমস্যার কারণে ঘরটি গ্রামের বাড়ি চুশাকপাড়ায় তৈরি করে দেবেন বলে বলেছেন। এ ছাড়া সড়কটির জন্য একটি প্রকল্প দ্রুত নেওয়ার আশ^াস দিয়েছেন জেলা প্রশাসক।’