চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে ভিড়ের চাপে অসুস্থ দুই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জনসমাবেশস্থল তারা অসুস্থ হয়ে পড়েন।
আহতদের মধ্যে একজনের নাম রাকিব। অন্যজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ সময় সমাবেশে অবস্থান করার একপর্যায়ে দুইজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমাবেশস্থলে স্বেচ্ছাসেবকরা পানি ও প্রাথমিক সহায়তা দেন। সহকর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, তারা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।