ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে মো. রাজীব (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২২ জনে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজীবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাজীব ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, রাজীব ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি মরদেহ ঝুলন্ত অবস্থায় স্লোগান দিয়ে উত্তেজিত জনতাকে উসকানি দেন এবং দিপু চন্দ্র দাসের মরদেহের ওপর সংঘটিত অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন।
পুলিশ জানায়, দিপু চন্দ্র দাস হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ২২ জনের মধ্যে ১১ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে হত্যার পর তার মরদেহ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিপু চন্দ্র দাস ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার (বিডি) লিমিটেডের একজন শ্রমিক ছিলেন।