মাদারীপুরে বিপুল দেশীয় অস্ত্র-ককটেল উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি ককটেল ও বিপুলসংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী ও পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকালে মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য জানায়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুরকে ব্যবহার করা হয়।

‎মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন খবর পেয়ে মাদারীপুর সদরের বড়মেহের এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এসময় কুমার নদীর আগে বালুর মাঠের ঝোপঝাড়ের ভেতর থেকে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৪ টি শরকি, তিনটি রামদা, দুইটি স্মার্ট ফোন, একটি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত