রাজশাহীর পুঠিয়া উপজেলার পল্লাপুকুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে পুঠিয়ার দিকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাতজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপর দুজনের মধ্যে একজন আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষ এবং একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাতনামা পুরুষ ও নারীর মরদেহ শনাক্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্যদের অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘটনার পরপরই রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
পরে রাত ৯টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।