প্রার্থীর প্রচারে বাধা, ছেলেকে মারধরের অভিযোগ

অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পাবনা-৩ আসনের ভোটের মাঠ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য বহিষ্কৃত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচারে বাধা এবং তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।

গত শনিবার বিকেল ৪টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরে অহত কে এম মনোয়ারুল ইসলাম শাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে এম মনোয়ারুল ইসলাম শাফি কর্মী-সমর্থকদের নিয়ে শনিবার বিকেলে ফৈলজানা বাজার এলাকায় ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকার ইউপি সদস্য লোকমানসহ ২০-২৫ জন তাদের প্রচার ও লিফলেট বিতরণে বাধা দেন। একপর্যায়ে তারা স্বতন্ত্র প্রার্থীর ছেলে কে এম মনোয়ারুল ইসলাম শাফিকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন। স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে তার আরেক ছেলে কাফি বলেন, ‘এর আগেও আমরা নির্বাচন করেছি। কিন্তু এমন হয়নি। সরাসরি প্রার্থীর ছেলের গায়ে আঘাতের মতো এ রকম ঘটনা দেখিনি। এ ঘটনায় থানায় মামলা করা হবে। এ ছাড়া নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।’ এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, শনিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর ছেলে আমাদের এলাকায় এসে বিএনপির স্থানীয় প্রার্থী দাবি করে প্রচার চালাতে থাকেন। এ সময় এলাকার কিছু বিএনপির কর্মী-সমর্থক তাদের এমন কথা বলে প্রচার চালাতে নিষেধ করেন। একপর্যায়ে কথা কাটাকাটির সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এ ছাড়া তেমন কিছু হয়নি।