নতুন পে-স্কেল ঘুষ দুর্নীতির হাতিয়ার হবে : টিআইবি

জনপ্রশাসন সংস্কার ও সরকারি সেবায় কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও এই অতিরিক্ত অর্থ দেওয়ার সক্ষমতা যাচাইয়ের প্রয়োজন। টিআইবির বিবৃতিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষ এবং যাদের অর্থে বেতন-ভাতা দেওয়া হয়, সেই জনগণের সহজে সেবা পাওয়া নিশ্চিতে জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সরকারি খাতে দুর্নীতি এবং অনিয়ম রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানায় টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে, তার সরাসরি প্রভাব পড়বে ইতিমধ্যে আর্থিক সংকটে ভারাক্রান্ত জনগণের ওপর। প্রস্তাব অনুযায়ী যে বিপুল পরিমাণ অর্থের জোগান দরকার, তা অর্জনে জনগণের জন্য অর্থসংস্থানসহ আনুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা সরকার তৈরি করতে পারেনি।

অন্যদিকে রাষ্ট্রীয় এই ব্যয়ভার বহনের সক্ষমতা অর্জনের উপযুক্ত পরিবেশেরও সৃষ্টি হয়নি। বেতন-ভাতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাপনের যে ব্যয় বাড়বে, সে বিষয়টি সরকার ভেবে দেখেছে কি না এমন প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, অতীতে এমন কোনো দৃষ্টান্ত নেই যে বেতন-ভাতা বৃদ্ধির ফলে সরকারি খাতে দুর্নীতি কমেছে। বরং যে হারে বেতন বৃদ্ধি ঘটে, তার চেয়ে বেশি হারে ঘুষসহ অবৈধ লেনদেন বাড়ে। যার বোঝা জনগণকে বইতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে এমন ভাবার কোনো কারণ নেই।

ইফতেখারুজ্জামান বলেন, সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের সব পদ্ধতি এবং সংশ্লিষ্ট আইনকানুন ও বিধি প্রতিপালন বাধ্যতামূলক করা সাপেক্ষে এবারের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করলে জনগণ তা হয়তো পরীক্ষামূলকভাবে হলেও আরও একবারের জন্য মেনে নিতে পারে। যার অন্যতম পূর্বশর্ত হবে, সব পর্যায়ের সব কর্মচারীর আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করা এবং তা প্রকাশ করা। অর্থাৎ যারা তাদের আয়-ব্যয়ের ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করাসহ প্রকাশ করবেন, শুধু তাদের জন্যই উল্লিখিত শর্তাবলি পূরণ করে নির্ধারিত বেতন-ভাতা বৃদ্ধি প্রযোজ্য হবে। যারা প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন ‘পে-স্কেল’ কার্যকর হবে না।