বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে তামিমরা

গ্রুপ পর্বে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের কাছে হার আর নিউজিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ সুপার সিক্সে যুবাদের কঠিন সমীকরণের সামনে এনে দাঁড় করিয়েছে। পরের পর্বে যেতে তাই এই রাউন্ডে ভুল করার কোনো সুযোগ নেই আজিজুল হাকিম তামিমদের আজ বুলাওয়েতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সেই চ্যালেঞ্জ ।

সুপার সিক্সে গ্রুপ ২-তে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে। গ্রুপ পর্ব থেকে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে টেবিলের শীর্ষে আছে ভারত। সমান চার পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে আছে ইংল্যান্ড । তিনে থাকা পাকিস্তানের দুই পয়েন্ট। এক পয়েন্ট করে নিয়ে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে আছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। কোনো পয়েন্ট না পাওয়া জিম্বাবুয়ে আছে টেবিলের তলানিতে। এক পয়েন্ট পাওয়া

বাংলাদেশের জন্য পরের পর্বের সমীকরণ তাই একটু কঠিন। নিজেদের ম্যাচগুলো জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকেও। বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাই বাংলাদেশের ভাবনার জায়গা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দেওয়ার কারণে ভারতের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ধাক্কা কাটিয়ে ওঠা না হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় আত্মবিশ্বাস জোগাবে আজিজুলদের।