হাতিয়ার স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী বহিষ্কার 

হাতিয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের  পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য আল-আমিন হোসেন শরিফ ও আনচারুল হক, হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ২ যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ  ইরান ও আফসার হোসাইন এবং সদস্য খাজা আজমির হোসেন।  

রবিবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়। বহিষ্কার আদেশে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কার আদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনরূপ যোগাযোগ না রাখার নির্দেশনা প্রদান করা হয়।