কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিবেচনায় এনে জামায়াতে ইসলামীর সমাবেশের সময় পরিবর্তন করা হয়েছে।
গত রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
মাহবুবুর রহমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এতে শিক্ষার্থীরা কোনো অসুবিধার মুখোমুখি হবে না।’
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে জামায়াতে ইসলামীর জনসভা আয়োজনের কথা ছিল। তবে একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়, যা দলকে সমাবেশের সময় পরিবর্তন করতে বাধ্য করেন।