ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ১১ দলীয় ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা শাখা। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটের বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২এপ্রিল) বিকালে বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে শহরের পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যা ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান জেলা, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ইসমাইল বিন হায়দার। জামায়াতের ঠাকুরগাঁও শহর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এসএম আদিউল ইসলাম প্রমুখ। এ সময় ১১দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই জুলাই বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো গণভোট। যা দেশবাসীর আশা আকাঙ্খার বহিঃপ্রকাশ। ৭০ শতাংশ ভোটারের মতামত উপেক্ষা করে বর্তমান সরকার গণভোট অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র করছে। দেশবাসি কখনোই তা মেনে নেবে না। সুতরাং কোন প্রকার অজুহাত না দেখিয়ে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, দেশপ্রেমিক জনতা তাদের দাবি আদায়ে আবারো রাজপথে নামতে বাধ্য হবে।
