আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কেন শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ দেওয়া হলো না- এ বিষয়ে আইসিসির কাছে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা জেসন গিলেস্পি। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই তিনি মুছে ফেলেন। পরে অন্য এক পোস্টের মন্তব্যে তিনি জানিয়েছেন নিজের পোস্ট মুছে ফেলার কারণ।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছিল। তবে অনেক নাটকীয়তার পর আইসিসি সেই দাবি গ্রহণ করেনি। বাংলাদেশও বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। টাইগারদের বদলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।
বিষয়টি নিয়ে এক্স-এ গিলেস্পি লিখেছিলেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে তাদের ম্যাচগুলো খেলতে পারল না, সে বিষয়ে আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকার করেছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন?’
মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় গিলেস্পির পোস্টের সেই স্ক্রিনশট। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পরই তিনি পোস্ট মুছে দেন। পরে ‘ক্রিকফলো’ নামের একটি এক্স পেজ গিলেস্পির মুছে দেওয়া পোস্টের স্ক্রিনশটের ছবি দিয়ে একটি পোস্ট করে। সেখানে গিলেস্পিকে ট্যাগ করে জিজ্ঞাসা করা হয়, কেন মুছে দিলে? কমেন্টবক্সে অস্ট্রেলিয়ার হয়ে ১৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গিলেস্পি লেখেন, ‘কারণ একটি সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগালি শুনতে হয়েছে।’