আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত ও হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণায় হাওরের মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। মদন পৌর শহরের নিজ গ্রাম বাড়িবাদেরা ও মদন গ্রামে রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন তাহমিনা জামান শ্রাবণী।
এ সময় তিনি বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশে এবার নির্বাচনী প্রচারণা করতেছি। এখন পর্যন্ত নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে। দীর্ঘদিনের আক্ষেপ গুছিয়ে এলাকার জনগণ লুৎফুজ্জামান বাবরকে ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। যেখানে যাচ্ছি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছি, তাতে মনে হচ্ছে মানুষের মনে লুৎফুজ্জামান বাবরের জন্য এতটুকুও জায়গা কমেনি। বরং ১৭ বছর কারা নির্যাতনের পর মানুষ তাকে আরও বেশি আপন করে নিয়েছে।
বাবর পত্নী বলেন, মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় ধানের শীষ, মানে বাবর, বাবর মানে ধানের শীষ। এই এলাকার নারী-পুরুষ আবাল-বৃদ্ধ সকলের মুখে মুখে শুধু বাবর আর ধানের শীষ। আমি যেখানেই যাচ্ছি বাবরের প্রতি মানুষের ভালোবাসা দেখে অবাক হচ্ছি। বাবর এলাকার সকলের জনপ্রিয় নেতা হিসেবে এখনও তাদের মনে রয়ে গেছেন।
এর আগে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তিনি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
স্বামীর আসনে তাহমিনা জামান মনোনয়নপত্র দাখিল করেন। পরে তাদের দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর স্বামীর জন্য আসনটি ছেড়ে দেন তাহমিনা।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি ওই সংসদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ১/১১ সরকার তাকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ডিসেম্বর নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে বাবর হাড্ডাহাড্ডি লড়াই করেন। এরপর আওয়ামী লীগ সরকারের সময় তাকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দণ্ডেদণ্ডিত করে।