বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ‘ধুরন্ধর’ অভিনেতা

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের রাঁধুনির ভূমিকায় অভিনয় করা নাদিম খান এবার বাস্তবে খবরের শিরোনামে। তার বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তারই গৃহপরিচারিকা। নির্যাতিতা মুম্বাইয়ের মালওয়ানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার নাদিম। 

অভিযোগকারিণীর দাবি, প্রায় এক দশক ধরে এই অত্যাচার চলেছে। তার বক্তব্য অনুযায়ী, প্রতিবার শারীরিক সম্পর্কের আগে অভিনেতা তাকে আশ্বাস দিতেন যে তিনি তাকে বিয়ে করবেন। সেই প্রতিশ্রুতির উপর ভরসা রেখেই তিনি নীরব ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভয় দেখিয়ে জোরপূর্বক সহবাসে বাধ্য করার অভিযোগও উঠেছে নাদিম খানের বিরুদ্ধে। 

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ভয় ও আতঙ্কের মধ্যেই দিন কাটিয়েছেন তিনি। বারবার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় অবশেষে তিনি আইনি পথ বেছে নিতে বাধ্য হন। অগত্যা প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অভিযোগ গ্রহণের পর মালওয়ানি থানার পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তদন্তের প্রয়োজনে অভিনেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। 

অভিনেতার বিরুদ্ধে পুলিশ আরও খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এর আগে নাদিম খানের বিরুদ্ধে এই ধরনের কোনো’ অভিযোগ নথিভুক্ত হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।