'ভারত চেয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, কিন্তু পাকিস্তানের প্ররোচনায়....'

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ইস্যুতে অবশেষে মুখ খুললো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা দাবি করেছেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বিভ্রান্ত ও প্ররোচিত করেছে, যার ফলে বাংলাদেশ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা ম্যাচ খেলার দাবি তুলেছিল। আইসিসি এই পরিবর্তন করতে পারেনি কারণ শেষ মুহূর্তে পুরো টুর্নামেন্টের সূচি বদলানো সম্ভব ছিল না। এরপর বাংলাদেশকে প্রতিস্থাপন করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়

শুক্লা সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে দাবি করেন, ''আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক। আমরা নিশ্চিত করেছি যে দলকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং কোনো সমস্যা হবে না। তাদের পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা এখানে খেলবে না।”

দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয়ার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। শ্রীলঙ্কায় ম্যাচ নিয়ে যাওয়ার বাংলাদেশের অনুরোধ আইসিসি নাকচ করে দেয়। বাংলাদেশ নিজেদের অবস্থান অটল রাখায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে টুর্নামেন্টে নেওয়া হয়। শুক্লা বলেন, “বাংলাদেশ সরকার বলেছে তারা দল পাঠাতে পারবে না এবং তারা কেবল কলম্বোয় খেলবে। শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা একটি অত্যন্ত কঠিন কাজ। এ কারণেই এই পরিস্থিতি হয়েছে।”

রাজীব শুক্লা পাকিস্তানের ভূমিকার কঠোর সমালোচনা বলেন, “পাকিস্তান তাদের ভুলভাবে উৎসাহ দিচ্ছে; অযথা বাংলাদেশকে প্ররোচিত করছে। পাকিস্তান এই কাজে বড় ভূমিকা রাখছে। পাকিস্তানকে এমন করা উচিত নয়।” তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের প্রেক্ষাপটে পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে এবং নিজেদের সহানুভূতিশীল হিসেবে উপস্থাপন করছে। “বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশিদের সঙ্গে কী অত্যাচার করেছে। বাংলাদেশিরাও জানে দেশ বিভক্ত হওয়ার সময় কত অন্যায় হয়েছে। এখন তারা (পাকিস্তান) তাদের ভুল পথে নিতে চাইছে সহানুভূতিশীল ভান করে, যা ভুল,” বলেন শুক্লা।