বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান মাগুরায় নির্বাচনী সভায় বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, আর ‘না’ ভোট মানে গোলামি।
তিনি বেকার ভাতা নয়, যুবককে কর্মসংস্থানের মাধ্যমে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯ টায় মাগুরা আদর্শ কলেজ মাঠে জেলা আমির এমবি বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মাগুরার দুটি আসনের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত সভায় জামায়াত আমির বলেন, “গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি। এর ফলে মাদক ও নানা অপকর্মে যুবকরা জড়িয়ে পড়েছে।
আমাদের লক্ষ্য তরুণদের শক্তিতে দেশকে এগিয়ে নেওয়া।” তিনি আরও বলেন, “ভোটে হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট, সবাই নিশ্চিত করলে দেশ জয়ী হবে।”
ডা. শফিকুর রহমান বেকার ভাতা নিয়ে মন্তব্য করেন, “রাষ্ট্রের টাকা থাকলেও আমরা বেকার ভাতা দেবো না। এতে বেকারত্ব কমবে না, আরও বাড়বে।
আমরা ভাতা নয়, কাজ দেবো।” তিনি শপথবদ্ধভাবে জানিয়েছেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে, কোন ধরনের অনৈতিক আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে বলেন, “ভোট বক্সে কেউ হাত দিতে এলে তা প্রতিহত করা হবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান করছি।”
নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামাত নেতা মোবারক হোসাইন ও মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন।