প্লাস্টিক পণ্য, প্যাকেজিং ম্যাটেরিয়াল, পণ্য প্রস্তুতের প্রযুক্তিসহ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার-২০২৬। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে কাল ২৮ জানুয়ারি। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতকাল সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ লিখিত বক্তব্যে মেলার বিস্তারিত তুলে ধরেন। বিপিজিএমইএ ও ইয়োরকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
আয়োজকরা জানান, মেলায় থাকবে ৮০০টির বেশি স্টল। যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। চীন, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কোরিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।