চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে সংস্কারকাজ শুরু হলেও সঠিক তদারকির অভাবে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সড়কের দুপাশে ৫ ফুট বর্ধিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে কাজের চিত্রে রয়েছে ভিন্নতা। প্রধান সড়কের দুই পাশে থাকা বিদ্যুতের খুঁটিগুলো না সরিয়েই দায়সারাভাবে ইট বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে সড়ক প্রশস্তকরণের প্রকৃত সুফল পাওয়া যাবে কি-না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা, গাড়িচালক ও পথচারীরা।
পৌর সদরের রিকশাচালক কামাল, করিম, সোহেলসহ অনেকে অভিযোগ করেন, সড়কের পাশে যে ইট বসানো হচ্ছে, তা সঠিকভাবে গাঁথুনি না করায় এবং এলোমেলো থাকায় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না।
গাড়িচালকদের অভিযোগ, রাস্তার মাঝে খুঁটি রেখে সংস্কার করায় সড়কের কার্যকর প্রস্থ বাড়ছে না। এতে যানজট যেমন কমবে না, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও থেকেই যাবে। ফুটপাতের মতো করে ইট বসানো হলেও খুঁটিগুলোর কারণে চলাচল নিরাপদ হচ্ছে না।
স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে খুঁটি অপসারণ ও মানসম্মত সংস্কার না হলে এই প্রকল্প শুধু লোক দেখানো উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে। তারা দ্রুত কার্যকর তদারকি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং টেকসই সড়ক উন্নয়নের দাবি জানান।
জানতে চাইলে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী বলেন, দীর্ঘ সময় পর হলেও প্রধান সড়কে কিছু উন্নয়ন হচ্ছে। তবে সড়কের দুপাশের খুঁটিগুলো না সরালে এর সুফল পাবে না জনগণ।
এ ব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ দক্ষিণের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, বাঁশখালীর প্রধান সড়ক সংস্কারে প্রাথমিকভাবে উপজেলা ও পৌর সদরের জলদীতে, যেসব স্থানে বাজার রয়েছে ও যানজট হয় সেসব স্থান আরও ১.৫ মিটার প্রশস্ত করা হবে। দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।