মাদক নির্মূলের ঘোষণা তারেক রহমানের

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত রবিবার রাত আড়াইটার দিকে সোনারগাঁর কাঁচপুর বালুর মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ‘দুর্নীতি ও মাদক’ সমাজের প্রধান শত্রু। নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশে মাদকের ২০টি স্পট রয়েছে। এখানে মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে।

তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এ ছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করা হবে।

কৃষি খাতে উন্নয়নে তারেক রহমান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন। এ ছাড়া তিনি ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের আশ্বাস দেন।

নির্বাচনের দিন করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। পরে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট শেষে ফল নিয়ে বাড়ি ফিরবেন। তিনি বলেন, ‘বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। যেমন করে আমরা নিজের ঘর সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। এই দেশ একটি ঘর, আর দেশের মানুষ একটি পরিবার’ বলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ যাচ্ছেন আজ : সিলেট-চট্টগ্রামের পর আজ মঙ্গলবার ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠ, ঢাকার আজমপুর ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী মিলে ৭টি জনসভায় বক্তব্য রাখেন। এরপর গত রবিবার চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে জনসভা করার পর ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠ, শুয়াগাজীর ডিগবাজী মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহে নির্বাচনী সফর কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর তার আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে বিশাল নির্বাচনী জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

এই উপলক্ষে গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএনপি।

এতে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। তিনি তারেক রহমানের সফর ও সমাবেশ ঘিরে দলের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সড়ক পথে আজ দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের জনসভায় যোগ দেবেন।

এর আগে রবিবার দুপুরে নগরীর তারেক অডিটরিয়ামে প্রস্তুতি সভা হয়। সভা শেষে শরিফুল আলম কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, সেই নেতা তারেক রহমান সশরীরে ময়মনসিংহে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বিভাগ জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চাইছি, সার্কিট হাউজে একটি ঐতিহাসিক জনসভা করা। জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচার কার্যক্রম ও উপজেলাভিত্তিক প্রস্তুতি সভা হচ্ছে।

তারেক রহমানের নির্বাচনী সফর কেন্দ্র করে ময়মনসিংহ নগরী ও আশপাশের উপজেলাগুলোয় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার আগমন উপলক্ষে বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও দলীয় কার্যালয়গুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটানো হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন জানান, সর্বশেষ ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান ময়মনসিংহ সফর করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, আজ দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠে জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা করবেন। একই মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি মনোনীত ২৪ সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।