আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আইসিসি সেটা মানেনি। তাই বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। গতকাল রাতে ‘এক্স’ হ্যান্ডেলে ইউসুফ লিখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।’
পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩টি টি–টোয়েন্টি খেলা ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। এ কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর আইসিসি জানায়, তারা ভারতের মাটিতে টাইগারদের জন্য ‘কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি’ নেই। তাই বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করা হয়নি। এরপরই স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়।